
|| আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||
সিরাজগঞ্জের বেলকুচিতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় দেশের জন্য আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আফরিন জাহান। তিনি তাঁর বক্তব্যে শহিদদের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দেশ গঠনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বেলকুচি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ইসরাত জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব এস, এম গোলাম রেজা এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ (ওসি) জনাব মোঃ জহুরুল ইসলাম।
বক্তারা বলেন, জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের এই মহান ত্যাগকে হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
