
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সারাদেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম প্রতি কিলোমিটারে ১১ পয়সা ভাড়া বৃদ্ধির এই সিদ্ধান্ত জানান। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হচ্ছে।
বৈঠক শেষে মন্ত্রী জানান, ঢাকা ও চট্টগ্রামসহ দেশের সব দূরপাল্লার রুট এবং আন্তঃজেলা যাতায়াতের ক্ষেত্রে বর্তমানে নির্ধারিত ভাড়ার সাথে অতিরিক্ত ১১ পয়সা যুক্ত হবে। বর্তমানে দূরপাল্লার রুটে সরকার নির্ধারিত ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা, যা এখন থেকে ২ টাকা ২৩ পয়সা হিসেবে গণ্য হবে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের বর্তমান ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা হচ্ছে।
সেতুমন্ত্রী স্পষ্ট করেন যে, ভাড়ার এই নতুন হার শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাসের ভাড়াও সে অনুযায়ী পুনঃনির্ধারণ করে কমিয়ে আনা হবে। তবে রেল ও নৌপথের ভাড়া বৃদ্ধির বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সরকার ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিনের দাম একযোগে বৃদ্ধি করে, যা ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। লিটার প্রতি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় পরিবহন খাতের মালিক ও শ্রমিকরা ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন। এর আগে সর্বশেষ ২০২২ সালে জ্বালানির দাম বাড়ার কারণে গণপরিবহনের ভাড়া বাড়ানো হয়েছিল।
