
|| রবিউল আউয়াল | বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ||
নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট ঐতিহাসিক পাহাড়পুর ইউনিয়নের নয়ন শহর খানকাহ শরীফ হোসেনিয়া কালিমীয়ার উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
দিনটি উদযাপন উপলক্ষে সকাল থেকেই নয়ন শহর খানকাহ শরীফ আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়। সকাল ১০টায় ‘নারায়ে তাকবির, নারায়ে রিসালাত’ ধ্বনিতে খানকাহ শরীফ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোহাম্মাদ রুহুল আমিনের পরিচালনায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পাহাড়পুর থেকে শুরু হয়ে জামালগঞ্জ, ভেরেন্ডী, মিঠাপুর ও গোবরচাপাসহ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু। তিনি খানকাহ শরীফের উন্নয়ন ও অরাজনৈতিক সামাজিক ভূমিকার প্রশংসা করে আগামী মাসে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং খানকাহর সামনের রাস্তা পাকাকরণের আশ্বাসসহ ব্যক্তিগতভাবে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন।
খানকাহ কমিটির সভাপতি ও গদ্দিনশীন পীরকেবলা হযরত শাহ সুফি খাজা সৈয়দ মাসউদ আহম্মেদ কালিমী চিশতির (মিরানপুর কাটরা, উত্তর প্রদেশ, ভারত) সভাপতিত্বে সন্ধ্যার পর খানকাহ ঈদগাহ মাঠে ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রাসুল (সা.)-এর শানে প্রধান বক্তা হিসেবে জিকির ও আলোচনা করেন প্রভাষক হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মাদ মুরশিদ ইসলাম আল কাদেরী ও আলহাজ হযরত মাওলানা নিজাম উদ্দিন চিশতি। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
দিনব্যাপী কিয়াম, দরুদ ও আখেরি মোনাজাত শেষে সমবেত ভক্ত ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে তাবারক বিতরণ করা হয়।
