
|| মোস্তফা আল মাসুদ | বগুড়া প্রতিনিধি ||
বগুড়ায় চাঁদার দাবিতে ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—আশিক, শাকিল ও মতিন।
রায়ে আদালত নির্দেশ দেন, আসামিদের কাছ থেকে আদায় করা জরিমানার অর্থের ৫০ শতাংশ হত্যাকাণ্ডের শিকার রাগিবুল হাসান হৃদয়ের সন্তানকে দিতে হবে। বাকি ৫০ শতাংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়দের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদার দাবিতে হামলা চালান আসামিরা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ধারালো অস্ত্র দিয়ে দোকানের ভেতরে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করেন।
এ সময় ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে হৃদয়ের বাবা মামুনুর রশিদকেও ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়। পরে গুরুতর আহত হৃদয়কে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের মা আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
রায়ের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জজ কোর্টের অতিরিক্ত পিপি এস এম মাসুদুর রহমান স্বপন বলেন, মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
