
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমানের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় এক যুবকের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ৩০ এপ্রিল রাতে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক উমর ফারুকের পক্ষ থেকে নাগেশ্বরী থানায় এ অভিযোগ দায়ের করা হয়।
জিডি সূত্রে জানা যায়, একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে একটি ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি বিকৃত করে কুরুচিপূর্ণভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগে বলা হয়েছে, এ ঘটনার মাধ্যমে তার ব্যক্তিগত ও পারিবারিক সম্মানহানি করার অপচেষ্টা চালানো হয়েছে।
অভিযুক্ত হিসেবে মো. রাসেল মামুন (৩২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তিনি নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের কুড়ানি পাড়া গ্রামের বাসিন্দা এবং মো. ফুলবর রহমান ডাক্তারের ছেলে। জিডিতে তার ব্যবহৃত ফেসবুক আইডির নির্দিষ্ট লিংকও সংযুক্ত করা হয়েছে।
বাদী, নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতার কন্যার ছবি বিকৃত করে মানহানিকর কর্মকাণ্ড চালিয়েছেন, যা বিএনপি ও দলের নেতৃত্বের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা।
নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মো. মাহমুদুল হাসান জিডিটি গ্রহণ করেন। জিডি নম্বর- ১৬২২, তারিখ: ৩০/০৪/২০২৬।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ হিল জামান দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) নিরঞ্জন রায়কে।
থানা সূত্র জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
