
|| কাইয়ুম হোসেন | ঠাকুরগাঁও প্রতিনিধি ||
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী ৯ম কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশ শুরু হয়েছে। সোমবার (১৮ মে) বিকালে বাংলাদেশ স্কাউটস পীরগঞ্জ উপজেলার আয়োজনে স্থানীয় ডিএন ডিগ্রী কলেজ মাঠে এই ক্যাম্পুরী ও সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এবারের কাব ক্যাম্পুরী ও স্কাউটস সমাবেশে উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৭টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ।
উদ্বোধনী সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের কমিশনার আকতারুজ্জামান সাবু, দিনাজপুর অঞ্চলের সহসভাপতি জালাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম জিয়া এবং ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের ক্যাম্প চীফ ফয়জুল ইসলাম এলটি, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক খালেকুজ্জামান, ভারপ্রাপ্ত কমিশনার শাহজালাল সাজু এবং যুগ্ম সম্পাদক ও ভোমরাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে খোদা পাভেল।
অনুষ্ঠানে জেলা স্কাউটসের সহসভাপতি ও হাজিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, স্কাউট গ্রুপের সভাপতি মোস্তাফিজুর রহমান মানিক, প্রধান শিক্ষক উজ্জ্বল মন্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এবং সহসভাপতি মোহাদ্দেস হায়াত মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের সমাবেশ কোমলমতি শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল, সুশৃঙ্খল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা পালন করবে।
