
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর এক সদস্য নিহত হয়েছে। নিহতের নাম মোঃ ইমন হোসেন (২৫)।
বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ইমন হোসেন উপজেলার মোঃপুর গ্রামের রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও হিল আনসার সূত্রে জানা যায়, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। পরে হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তি দ্রুত দৌড়ে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়।
স্থানীয়রা জানান, গুলির শব্দে শুনে ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান, দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে আছেন ইমন হোসেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ইমনকে নিজ দলের সদস্য দাবি করে ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন।
তবে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেন দলটির খাগড়াছড়ির সংগঠক অংগ্য মারমা।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
