Sunday, August 23

পানছড়িতে বিজিবির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

|| সেলিম হোসেন মায়া | খাগড়াছড়ি প্রতিনিধি ||

খাগড়াছড়ির পানছড়িতে আসন্ন দুর্গাপূজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির লোগাং জোনের উদ্যোগে এক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পানছড়ি ৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লোগাং জোন ও ৩ বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম।

সভায় জোন অধিনায়ক বলেন, দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বিত সহযোগিতা বজায় রয়েছে। পাশাপাশি জরুরি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে বিজিবি সদস্যরা তৎপর থাকবেন।

তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সর্বত্র নজরদারি বাড়ানো হচ্ছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি সংশ্লিষ্ট সকল সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পারস্পরিক সম্প্রীতি ও আইন মেনে চলার মাধ্যমে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।

নিরাপত্তা সমন্বয় সভায় পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুলতানা আক্তার, ৩ বিজিবির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন ও মো. শাহ আলম এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন বৈষ্ণবসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *