
|| ধর্ম ডেস্ক ||
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি কলেজ, মাদরাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এদিন প্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
পূর্বে দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ছুটি নির্ধারিত ছিল। তবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে ইসলামিক ফাউন্ডেশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছুটির তারিখ পুনর্নির্ধারণ করে ২৩ সেপ্টেম্বর ঘোষণা করে।
ফারসি শব্দ ‘ইয়াজদাহম’ অর্থ এগারো এবং ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে ১১তম দিনের ফাতেহা শরিফকে বোঝানো হয়। ইসলামের অন্যতম প্রধান সুফি সাধক ও বড়পীর হজরত আবদুল কাদির জিলানি (রহ.)-এর ওফাত দিবস হিসেবে প্রতি হিজরি বছরের রবিউস সানি মাসের ১১ তারিখে এ দিবসটি পালিত হয়। তিনি হিজরি ৫৬১ সনের এই দিনে ইন্তেকাল করেন। দক্ষিণ এশিয়ায় সুফিবাদের প্রসারে তাঁর অসামান্য অবদান রয়েছে এবং দিবসটি ‘গেয়ারভি শরিফ’ নামেও পরিচিত।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, খানকা ও ধর্মীয় প্রতিষ্ঠানে কোরআন তিলাওয়াত, মিলাদ, বিশেষ দোয়া এবং বড়পীর আবদুল কাদের জিলানি (রহ.)-এর জীবন, আধ্যাত্মিক সাধনা ও ধর্মীয় অবদানের ওপর আলোচনার আয়োজন করা হয়েছে।
