Sunday, November 15

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিলভার জুবিলি গবেষণা সম্মেলন অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ব্র্যাক ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী গবেষণা সম্মেলন শেষ হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর ২০২৬, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। পাশাপাশি এতে যোগ দেন শিল্পপ্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও ব্র্যাকের প্রতিনিধিরা। সম্মেলনে বিভিন্ন গবেষণার কাজ তুলে ধরার পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণার সুযোগ নিয়েও আলোচনা হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এ সম্মেলনের আয়োজন করা হয়।

‘২৫ ইয়ার্স অব ব্র্যাক ইউনিভার্সিটি: রিসার্চ ফর ইনোভেশন অ্যান্ড ইমপ্যাক্ট’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে চারটি বিষয়ে মোট ১৬৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। বিষয়গুলো ছিল প্রকৌশল, প্রযুক্তি, ডেটা সায়েন্স, স্থাপত্য ও পরিবেশ; স্বাস্থ্য, লাইফ সায়েন্স ও ফার্মেসি; ব্যবসা, অর্থনীতি, নীতি, আইন ও সুশাসন; এবং সামাজিক বিজ্ঞান, শিল্পকলা, মানবিক বিদ্যা ও শিক্ষা।

সম্মেলনে ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন স্কুল, বিভাগ, ইনস্টিটিউট ও সেন্টারের গবেষণা ও উদ্ভাবনী কাজ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। পাশাপাশি ছিল চারটি কর্মশালা। এসব কর্মশালায় গবেষণার ফলাফল সহজভাবে তুলে ধরা, গবেষণার উপস্থাপনা, ফ্যাব ল্যাব, গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং তরুণ গবেষকদের কাজ নিয়ে আলোচনা হয়। সামাজিক পরিবর্তনে গবেষণার ভূমিকার বিষয়টিও উঠে আসে।

সম্মেলনের অন্যতম আয়োজন ছিল গবেষণায় সহযোগিতার সুযোগ নিয়ে তিনটি বিশেষ আলোচনা। এর মধ্যে ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া ফোরামে শিল্পখাত ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় উঠে আসে, শিল্পখাতের চাহিদা বিবেচনায় রেখে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা ও পাঠ্যক্রম সাজানো প্রয়োজন। একই সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানগুলোরও গবেষণার জন্য আলাদা বাজেট রাখা উচিত বলে মত দেন আলোচকেরা।

ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে যৌথ গবেষণার সুযোগ নিয়ে ছিল ‘ব্র্যাক-ব্র্যাকইউ সিনার্জি সেশন’। এতে কৃষি, উন্নয়ন, জনস্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু, দারিদ্র্য দূরীকরণ ও সামাজিক উদ্ভাবনের মতো ক্ষেত্রে দুই প্রতিষ্ঠানের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সরকার ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণায় সহযোগিতা বাড়ানোর বিষয়টি উঠে আসে ‘গভর্নমেন্ট-অ্যাকাডেমিয়া ফোরামে’। এতে গবেষণার অর্থায়ন, শিক্ষার্থীদের নেতৃত্বে গবেষণা, বিভিন্ন উৎস থেকে গবেষণা অনুদান পাওয়ার সুযোগ, নতুন পণ্য তৈরি ও বাণিজ্যিকীকরণ নিয়ে আলোচনা হয়। গবেষণার ফলাফল কীভাবে নীতি নির্ধারণ ও বাস্তব কাজের ক্ষেত্রে ব্যবহার করা যায়, সে বিষয়েও মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।

দুদিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের গভর্নিং বডির চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) প্রফেসরিয়াল ফেলো ও সাবেক নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, গবেষণার লক্ষ্য শুধু গবেষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর মাধ্যমে মানুষ ও পৃথিবীর কী উপকার হবে, সেটিও ভাবতে হবে। মানুষের বাস্তব অভিজ্ঞতা ও জীবনযাপনের ধরন বুঝতে হবে। এক্ষেত্রে গবেষকদের বিনয়ী ও মনোযোগী হওয়া জরুরি।

ড. সুলতান হাফিজ রহমান বলেন, গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি মানবিক ও সামাজিক বিজ্ঞানের বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বিশেষ করে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের কারণে যেসব নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, সেগুলো বুঝতে ও মোকাবেলা করতে এসব বিষয়ে গবেষণা জরুরি।

প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, গবেষণার শুরু হতে হবে বাস্তব সমস্যা চিহ্নিত করার মধ্য দিয়ে। তিনি বলেন, “আমরা যদি গ্লোবাল সাউথের নেতৃত্ব দিতে চাই, তাহলে অন্যদের চেয়ে আমাদের আলাদা কী দেওয়ার আছে, সেই প্রশ্নের উত্তর থাকতে হবে। গবেষণার প্রথম ধাপই হলো সমস্যা চিহ্নিত করা। সমস্যা না থাকলে গবেষণারও কোনো অর্থ নেই।”

তিনি আরও বলেন, নতুন জ্ঞান তৈরি করতে হবে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার অনেক সুযোগ রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সাদাফ সিদ্দিকী, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ইনোভেশন অফিসের ডিরেক্টর প্রফেসর মলয় কান্তি মৃধা।
কনফারেন্সের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

ব্র্যাক ইউনিভার্সিটির গবেষণা নিয়ে আরেকটি অধিবেশনে বক্তব্য দেন জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের হিউম্যানিটারিয়ান হাবের প্রধান প্রফেসর ড. কাওসার আফসানা ও সেন্টার অব এক্সিলেন্স ফর হেলথ সিস্টেমস অ্যান্ড ইউনিভার্সাল হেলথ কভারেজের ডিরেক্টর প্রফেসর ড. সৈয়দ মাসুদ আহমেদ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. গোলাম রবিউল আলম।

সম্মেলনের শেষ দিন রোববার বিকেলে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ব্যক্তি পর্যায়ে গবেষণায় অবদান, একাডেমিক ও গবেষণা ইউনিটের কাজ, গবেষণা প্রদর্শনী এবং মৌখিক ও পোস্টার উপস্থাপনায় সেরা কাজের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার আরিফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

গবেষণা ও জ্ঞান তৈরির মাধ্যমে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ আয়োজন জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার এসডিজি- ৪ (মানসম্মত শিক্ষা) এসডিজি-৯ (শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো) এবং এসডিজি-১৭ (অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব) এর সঙ্গে সম্পর্কিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *