সোমবার, জুন ১

দৌলতপুরে মা-সন্তানকে পিটিয়ে হত্যা: ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গৃহবধূ ও তার ১৬ মাসের শিশু সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ঘাতক ইউসুফের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। আজ সোমবার (১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বাচামারা বাজারে সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাত ১০টার দিকে বাচামারা বাজারের কাপড় ব্যবসায়ী ছালাম মিয়ার আপন ভাই ইউসুফ (৪০) পারিবারিক কলহের জেরে ছালামের স্ত্রী ও তার ১৬ মাসের অবুঝ সন্তানকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় ইউসুফ তার ভাই ছালাম মিয়াকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে হত্যার চেষ্টা চালায়। নৃশংস এই হত্যাকাণ্ড ঘটিয়েই ঘাতক ইউসুফ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভ ও শোকের ছায়া নেমে আসে। আজ সকালে বাচামারা বাজারে আয়োজিত মানববন্ধনে শত শত এলাকাবাসী ও ব্যবসায়ীরা অংশ নেন।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ, বাচামারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুস শেখ, মো. মতিয়ার মাস্টার, ওমর মোল্লা ও দুলাল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ড কোনো সুস্থ মানুষ করতে পারে না। ১৬ মাসের অবুঝ শিশুকেও এই পাষণ্ড রেহাই দেয়নি। আমরা এই জোড়া খুনের তীব্র নিন্দা জানাই এবং ঘাতক ইউসুফকে অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানাচ্ছি।

মানববন্ধন থেকে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, খুনি ইউসুফকে দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ আসামিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *