
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে কিশোরগঞ্জের তাড়াইলে এক মিনি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামের মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘যুব জাগো ফাউন্ডেশন’।
খেলার মাঠের সুরক্ষা ও দর্শকদের নির্বিঘ্নে খেলা উপভোগ নিশ্চিত করতে পুরো মাঠে সুরক্ষাজাল উপহার দিয়েছেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলেখ উদ্দিন ভূঁইয়া।
বৃহস্পতিবার মাঠে সুরক্ষাজাল স্থাপনের কাজ শেষে তিনি স্থানীয় তরুণ, যুবক ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় যুব জাগো ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
খেলোয়াড় ও আয়োজকরা জানান, মাঠের সুরক্ষায় জাল দেওয়ার কারণে এখন থেকে আরও স্বাচ্ছন্দ্যে খেলাধুলার আয়োজন করা সম্ভব হবে। এ ধরনের সহযোগিতার জন্য তারা চেয়ারম্যান প্রার্থী মোঃ আলেখ উদ্দিন ভূঁইয়া এবং যুব জাগো ফাউন্ডেশনকে আন্তরিক ধন্যবাদ জানান।
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের সামাজিক ও ক্রীড়ামুখী উদ্যোগের ফলে গ্রামের তরুণরা খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
