Monday, July 27

তাড়াইলে বর্ষার পানিতে চলছে ছোট পোনামাছ নিধন, মানছে না মৎস্য আইন

|| রাসেল মিয়া, তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন নদী, খাল ও বিলে বর্ষার নতুন পানির সাথে ভেসে আসা ছোট পোনামাছ নিধনের মহোৎসব চলছে। স্থানীয় প্রশাসন বারবার মাইকিং ও অভিযান পরিচালনা করলেও অসাধু চক্র কোনো আইনের তোয়াক্কা করছে না।

সরেজমিনে উপজেলার দামিহা ব্রিজ এলাকায় গিয়ে দেখা যায়, নদীর মাঝখানে নিষিদ্ধ জাল পেতে প্রকাশ্যেই পোনামাছ শিকার করা হচ্ছে। মৎস্য আইন অনুযায়ী উন্মুক্ত জলাশয়ে চলন্ত স্রোতে কারেন্ট বা নিষিদ্ধ জাল পেতে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ হলেও অসাধু মৎস্য শিকারিরা নৌকা ও নেট জাল নিয়ে দিনরাত ছোট ছোট পোনা মাছ নিধনে মেতে উঠেছে।

স্থানীয় অধিবাসীদের অভিযোগ, বর্ষার শুরুতে দেশীয় প্রজাতির যেসব পোনামাছ নদী ও বিলে ছড়িয়ে পড়ে, সেগুলোই মূলত ভবিষ্যতের বড় মাছে রূপান্তরিত হয়। তবে এভাবে নির্বিচারে পোনা নিধন চলতে থাকলে চলতি মৌসুমে এলাকায় মারাত্মক মাছের সংকট দেখা দেবে এবং দেশীয় মাছের প্রজনন মারাত্মক হুমকির মুখে পড়বে।

উপজেলায় দেশীয় মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের নিয়মিত ও কঠোর নজরদারির পাশাপাশি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *