Tuesday, July 14

তাড়াইলের দড়ি জাহাঙ্গীরপুরে উত্তেজনা, শতাধিক পুলিশ মোতায়েন

|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এক মাদক ব্যবসায়ীর বাড়িঘর ভাঙচুর করার চেষ্টাকে কেন্দ্র করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের শুকর আলীর ছেলে জামাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার এই অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে আজ সকালে গ্রামের শত শত মানুষ ক্ষুব্ধ হয়ে একত্রিত হন এবং অভিযুক্ত জামালের বাড়িঘর ভেঙে ফেলার প্রস্তুতি নেন।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাড়াইল ও করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে শতাধিক পুলিশ সদস্য তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালান এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপরতা শুরু করেন।

এ সময় পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে মাইকিং করে স্থানীয়দের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। প্রশাসন জানায়, যেকোনো অভিযোগ থাকলে তা পুলিশকে জানাতে হবে এবং আইন অনুযায়ী অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *