শুক্রবার, এপ্রিল ২৪

​ঢাবি সিনেট সদস্য মনোনীত হলেন সিরাজগঞ্জ-৫ আসনের এমপি আলী

|| ​আসাদুল ইসলাম | নিজস্ব প্রতিনিধি (বেলকুচি, সিরাজগঞ্জ) ||

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিশিষ্ট জননেতা জনাব মো: আমিরুল ইসলাম খান আলীম। জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকেল ১০(১)(ই) অনুযায়ী জাতীয় সংসদের মাননীয় স্পিকার তাকেসহ মোট ৫ জন সংসদ সদস্যকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন প্রদান করেছেন।

​সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনের গণমানুষের নেতা হিসেবে পরিচিত আমিরুল ইসলাম খান এমপিকে এই পদে মনোনীত করায় তার নির্বাচনী এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ এই অর্জনে মাননীয় স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত সিনেট সদস্য তার মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে অনন্য ভূমিকা রাখবেন।

​উল্লেখ্য, মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত অন্য চারজন সংসদ সদস্য হলেন— জনাব মো: আমানউল্লাহ আমান (ঢাকা-২), জনাব খায়রুল কবির খোকন (নরসিংদী-১), জনাব এ. কে. এম. ফজলুল হক মিলন (গাজীপুর-৫) এবং জনাব মো: কামরুজ্জামান (মুন্সীগঞ্জ-৩)। সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দ্রুততম সময়ের মধ্যে এই আদেশ কার্যকর করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *