
|| নিজস্ব প্রতিবেদক ||
জ্বালানি তেল ও এলপি গ্যাসের মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন। আজ সোমবার (২০ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই প্রতিবাদ জানান। নেতৃদ্বয় অবিলম্বে বর্ধিত এই মূল্য প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি এবং ১২ কেজি গ্যাসের সিলিন্ডারে কয়েকশ টাকা বাড়ানোর এই সিদ্ধান্ত সম্পূর্ণ গণবিরোধী। সরকার ইতিপূর্বে জ্বালানি সংকটের কথা অস্বীকার করলেও হঠাৎ এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে। এর ফলে পরিবহন ভাড়া ও কৃষি উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যাবে।
তাঁরা আরও উল্লেখ করেন, জ্বালানি তেলের দাম বাড়ায় শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিতে মূল্যস্ফীতি ও নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে সেচ ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় কৃষক সমাজ চরম সংকটে পড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য বড় হুমকি। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অবিলম্বে এই আত্মঘাতী সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জ্বালানি তেল ও গ্যাসের দাম সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতৃদ্বয়।
