
|| নিজস্ব প্রতিনিধি ||
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ খ্রিষ্টাব্দের বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় (সাধারণ জ্ঞান) জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে কুড়িগ্রামের রাজারহাটের কৃতী শিক্ষার্থী মোঃ তাহসিন আবরার জারিফ। গত মঙ্গলবার (১৬ জুন) ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে এই গৌরবময় এই জাতীয় পদক তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি।
সারাদেশের হাজারো প্রতিযোগীকে পেছনে ফেলে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে সেরা তিনে জায়গা করে নেয় জারিফ। সে কুড়িগ্রামের রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিশু নিকেতন রাজারহাটের বর্তমান ও সাবেক শিক্ষার্থী। মেধা ও যোগ্যতার এই অনন্য স্বীকৃতিতে তার পরিবার, শিক্ষক সমাজ এবং নিজ এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনুর ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব ববি হাজ্জাজ, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ সাখাওয়াত হোসেনসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ছেলের এমন অভাবনীয় ও গৌরবময় সাফল্যে আবেগাপ্লুত জারিফের বাবা মোঃ আব্দুল বাতেন ও মা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন, “একজন বাবা-মায়ের জন্য সন্তানের এমন অর্জনের চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। জারিফের এই নিরলস পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনাই আজ তাকে এই জাতীয় মঞ্চে সম্মানিত করেছে।” তারা জারিফের আগামী দিনের সফল পথচলা এবং তাকে একজন আদর্শ, নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে জারিফের এই সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে রাজারহাট মডেল সপ্রাবি ও শিশু নিকেতন রাজারহাটের শিক্ষকমণ্ডলী, সহপাঠী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, জারিফ বরাবরই অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন ও কৌতূহলী ছাত্র।
জাতীয় পর্যায়ে তার এই অনন্য অর্জন শুধু বিদ্যালয় বা উপজেলার নয়, বরং পুরো জেলার গৌরব বাড়িয়েছে এবং এটি অন্যান্য শিক্ষার্থীদের মাঝেও ব্যাপক অনুপ্রেরণা জোগাবে।
