
|| খাগড়াছড়ি প্রতিনিধি ||
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আনুষ্ঠিকতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ‘মধুপূর্ণিমা’ উদযাপিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পূজার নানা সামগ্রী নিয়ে খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধবিহারে সমবেত হন হাজারো নর-নারী ও শিশু-কিশোর। কর্মসূচির শুরুতে পঞ্চশীল গ্রহণ ও সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়। এরপর দেশ, জাতি ও বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
উৎসব উপলক্ষ্যে বৌদ্ধভিক্ষুদের উদ্দেশ্যে বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্ট পরিষ্কার দান, হাজার প্রদীপদান এবং পিণ্ডদানসহ নানাবিধ দানীয় অনুষ্ঠান সম্পাদন করেন ভক্তরা।
বৌদ্ধ ধর্মশাস্ত্র মতে, ভগবান গৌতম বুদ্ধ পারলেয়্য বনে অবস্থানের সময় একটি বানর তাঁকে মৌচাক থেকে মধু সংগ্রহ করে দান করেছিল। সেই ঐতিহাসিক ও তাত্পর্যপূর্ণ ঘটনাকে স্মরণ করেই প্রতি বছর ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই মধুপূর্ণিমা পালন করে আসছেন।
