Saturday, September 5

একমাত্র ইসলামী রাষ্ট্রই পারে নাগরিক অধিকার নিশ্চিত করতে: মোস্তফা বশীরুল হাসান

|| নিজস্ব প্রতিবেদক ||

বর্তমান সরকার দেশের জনগণের অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের মতো মৌলিক ও নাগরিক অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান।

গতকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বাদ জুমআ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে আয়োজিত ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বশীরুল হাসান তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যুৎ ও গ্যাসের তীব্র সংকট, ভঙ্গুর অর্থনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন আজ চরম দুঃখ, দুর্দশা ও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। ব্যর্থ এই সরকারের পক্ষে জননিরাপত্তা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “একমাত্র ইসলামী সরকারই জনগণের সব মৌলিক অধিকারের নিশ্চয়তা দিতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে সঠিক পদ্ধতিতে বিপ্লবের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেই কেবল বিদ্যমান সব জনদুর্ভোগ ও অশান্তির স্থায়ী অবসান ঘটবে।”

ঢাকা মহানগরী উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকনের সঞ্চালনায় বৈঠকে শুরুতে দারসুল কুরআন পেশ করেন ঢাকা উত্তরের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান আসলামী। পরবর্তীতে ঢাকা মহানগরী উত্তরের আমীর মাওলানা মুহাম্মাদ মুহিব্বুল্লাহ ভূঞা সভার সমাপনী বক্তব্য দেন।

যৌথ এই সাংগঠনিক বৈঠকে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। সভায় বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের দিকনির্দেশনামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পরিশেষে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মাওলানা ফারুক আহমদের বিশেষ মোনাজাত পরিচালনার মাধ্যমে বৈঠক শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *