Sunday, August 23

ইবিতে বৃক্ষরোপণ দিয়ে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ‘সবুজ ক্যাম্পাস’ গড়ার প্রত্যয়ে ৩৫টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাসব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মোট ৩৫টি বৃক্ষ রোপণ করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুরু হওয়া এ কর্মসূচি পুরো মাসজুড়ে চলবে।

কর্মসূচির উদ্বোধনকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য ক্যাম্পাস গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময়ই ইসলাম, দেশ, মানবতা, সমাজ ও পরিবেশের কল্যাণে ইতিবাচক কর্মকাণ্ডে বিশ্বাস করে। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়কে আরও সবুজ ও নান্দনিক করে গড়ে তুলতে ৩৫টি বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ, পুরো মাসজুড়ে এ কর্মসূচি অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। একটি সবুজ ক্যাম্পাস আগামী প্রজন্মের জন্য আমাদের সুন্দর উপহার হতে পারে।”

কর্মসূচিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *