Tuesday, August 18

ইবিতে আবরার ফাহাদ হলে ন্যায্য সংযুক্তির দাবিতে মানববন্ধন, অবশেষে ১’শ আসন বরাদ্দ

|| এস এম রেদোয়ানুল হাসান | ইবি প্রতিনিধি ||

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ আবরার ফাহাদ হলে বৈষম্য নিরসন ও ন্যায্য হল সংযুক্তির (অ্যাটাচমেন্ট) দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ডি ইউনিটের নবীন শিক্ষার্থীরা। আন্দোলন ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার পর অবশেষে ডি ইউনিটের চার বিভাগের শিক্ষার্থীদের জন্য ওই হলে ১০০টি আসন বরাদ্দ প্রদান করা হয়েছে।

শিক্ষার্থীরা জানান, গত মে মাসের ১০ থেকে ১২ তারিখ ভর্তি চলাকালে তারা শহীদ আবরার ফাহাদ হলে হল সংযুক্তি চেয়েছিলেন। তবে তৎকালীন সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এ বছর ওই হলে কোনো সংযুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। কিন্তু এর দুই সপ্তাহ পর গুচ্ছভুক্ত অন্যান্য ইউনিটের ভর্তি প্রক্রিয়ার সময় নতুন শিক্ষার্থীদের শহীদ আবরার ফাহাদ হলে সংযুক্তি দেওয়া হলে চরম বৈষম্যের সৃষ্টি হয়।

পরবর্তীতে এ নিয়ে ব্যাপক লেখালেখি ও দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডি ইউনিটের চার বিভাগের জন্য মৌখিকভাবে ১০০টি আসন বরাদ্দের সম্মতি দেন। এর ধারাবাহিকতায় শিক্ষার্থীরা ধর্মতত্ত্ব অনুষদের ডিন, শহীদ আবরার ফাহাদ হলের প্রভোস্ট ও উপ-রেজিস্ট্রারের সঙ্গে যোগাযোগ করলে তারাও আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন। তবে প্রশাসনিক জটিলতায় বিষয়টি ঝুলে থাকায় সমাধানের জন্য ছাত্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

পরপর দুদিন উপাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে না পেরে শিক্ষার্থীরা মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে একজোট হয়ে একটি সুষ্ঠু মানববন্ধন কর্মসূচির প্রস্তুতি নেন। কর্মসূচি শুরুর আগেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর উক্ত চার বিভাগের শ্রেণি প্রতিনিধিদের (সিআর) উপাচার্যের কার্যালয়ে নিয়ে যান। সেখানে দীর্ঘ আলোচনা শেষে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি পেশ করলে উপাচার্য তা দ্রুত সমাধানের নির্দেশ দিয়ে সংশ্লিষ্ট হল প্রভোস্টের কাছে পাঠান এবং আসন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *