
|| নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে ‘Sustaining Excellence’ বা শ্রেষ্ঠত্ব বজায় রাখার ওপর একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে এই কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন খ্যাতনামা লিডারশীপ বিশেষজ্ঞ এজাজুর রহমান।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদের পবিত্র কুরআন তিলাওয়াত এবং নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে তা বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ থাকতে হবে। তিনি সকলকে বড় স্বপ্ন দেখার এবং তা বাস্তবায়নে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। দায়িত্ব ও কাজকে অবহেলা না করে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সম্পন্ন করতে পারলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় মূল বক্তা এজাজুর রহমান শ্রেষ্ঠত্ব বজায় রাখা, প্রাতিষ্ঠানিক মালিকানা ও দায়িত্ব, মানসম্মত শিক্ষাদান ও শিক্ষাগ্রহণ এবং শিক্ষার্থী-কেন্দ্রিক সংস্কৃতির ওপর বিস্তারিত আলোচনা করেন। একই সাথে তিনি পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ, গবেষণা ও উদ্ভাবন, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ, নৈতিকতা ও মানবিক শ্রেষ্ঠত্ব অর্জনের নানা দিক তুলে ধরেন, যা উপস্থিত শ্রোতাদের মাঝে ব্যাপক আগ্রহ, উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন অনুষদের ডিন এবং সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। অত্যন্ত ফলপ্রসূ এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সকলের হাতে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
