
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইংরেজি বিভাগের উদ্যোগে সমসাময়িক সাহিত্য, তত্ত্ব ও কর্মসংস্থান নিয়ে একটি প্রাণবন্ত একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুন ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ফিরোজ আল মামুন খানের সার্বিক তত্ত্বাবধান ও ফ্যাসিলিটেশনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হাসান।
একাডেমিক আলোচনায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও অনুবাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুল হাসান চৌধুরী।
বক্তারা তাঁদের আলোচনায় সমসাময়িক সাহিত্যচর্চা, সাহিত্যতত্ত্ব, উত্তর-তত্ত্ব (Post-theory), শিক্ষাদান পদ্ধতি (Pedagogy) এবং ইংরেজি বিষয়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। একই সাথে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে একাডেমিক উৎকর্ষ, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং ইংরেজি শিক্ষার গুরুত্বের বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা জনাব শুভ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের পরিচিতি পাঠ করেন সহকারী অধ্যাপক তানিয়া তাবাসসুম তনু এবং সহকারী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর আফসানা আফরোজ মুন।
মূল আলোচনা শেষে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত বক্তারা শিক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসার উত্তর দেন এবং তাদের একাডেমিক ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।
