মঙ্গলবার, জুন ৩০

ইউআইইউতে ‘ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

|| নিজস্ব প্রতিবেদক ||

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ফার্মেসি বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে “ম্যামালিয়ান সেল কালচার টেকনিকস” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দেশের বায়োমেডিকেল ও ফার্মাসিউটিক্যাল গবেষণায় সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ম্যামালিয়ান কোষ কালচার কৌশলের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চ-এর (আইএআর) পরিচালক এবং ইইই বিভাগের প্রফেসর এমেরিটাস ড. এম. রিজওয়ান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. জুলফিকার রহমান এবং কর্মশালাটি পরিচালনা করেন ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাহমিনা ফয়েজ।

দিনব্যাপী এই আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), সাউথইস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকরা অংশ নেন।

কর্মশালায় বক্তারা গবেষণাভিত্তিক শিক্ষা ও আধুনিক ল্যাবরেটরি প্রশিক্ষণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন। একই সাথে বায়োমেডিকেল গবেষণায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও বিশেষ আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিবিড় পরীক্ষাগার-ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন। প্রশিক্ষণের মূল বিষয়গুলোর মধ্যে ছিল ম্যামালিয়ান সেল কালচার পরীক্ষাগার স্থাপন, জৈব নিরাপত্তা (Biosafety), উত্তম পরীক্ষাগার অনুশীলন (GLP), অ্যাসেপটিক কৌশল, মিডিয়া প্রস্তুতি, কোষ পরিচালনা, সাবকালচারিং, কোষ গণনা, কোষের কার্যক্ষমতা মূল্যায়ন, ইনকিউবেশন, ক্রায়োপ্রিজারভেশন এবং কোষ কালচার-সংক্রান্ত আধুনিক যন্ত্রপাতি পরিচালনা।

আয়োজকদের মতে, এই কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে বৈজ্ঞানিক আলোচনা ও পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ সৃষ্টির পাশাপাশি ভবিষ্যতে যৌথ গবেষণা ও সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশে বায়োমেডিকেল গবেষণার অগ্রগতিকে তরান্বিত করতে ভবিষ্যতে এ ধরনের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ইউআইইউ’র ফার্মেসি বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *