
|| নিজস্ব প্রতিবেদক ||
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র (ইউআইইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে “এআই ট্রান্সফরমেশন: এনহ্যান্সিং প্রডাক্টিভিটি, এমপ্লয়াবিলিটি এন্ড ইনস্টিটিউশনাল ইফিসিয়েন্সি” শীর্ষক একটি সেমিনার গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সেমিনারটি ইউআইইউ’র শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ’র উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ এমএসসিএসই প্রোগ্রাম এবং আইরিকের পরিচালক প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ-আল মামুন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ আইকিউএসি’র পরিচালক ড. মফিজুল হক মাসুম। এ সময় উপস্থিত ছিলেন ইউআইইউ’র রেজিস্ট্রার ড. মো. জুলফিকার রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া বলেন – বর্তমানে প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধি পাচ্ছে এবং অনেক ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে এআই’র কার্যকর ব্যবহার এবং প্রয়োগে এই সেমিনারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রিসোর্স পার্সন, প্রফেসর ড. খন্দকার আবদুল্লাহ-আল মামুন, তাঁর আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক উভয় ক্ষেত্রের উৎপাদনশীলতায় পরিবর্তন, নতুন কর্মসংস্থানের সৃষ্ট্রি এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। এছাড়াও তিনি বলেন এআই ক্রমশই উৎপাদনশীলতার মূল চালিকাশক্তি হয়ে উঠছে, যা দ্রুত তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং গতানুগতিক কাজ স্বয়ংক্রিয়করণসহ দৈনন্দিন কার্যপ্রবাহ সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এআই কীভাবে শিক্ষাদান, গবেষণা এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমকে উন্নত করতে পারে তার বাস্তবসম্মত উপায়গুলো তুলে ধরাই ছিল সেমিনারটির মূল লক্ষ্য। সেমিনারটি বিশ্বের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়ক হবে এবং ইউআইইউ’কে দেশের একটি শীর্ষস্থানীয় এআই-সক্ষম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
