মঙ্গলবার, মে ৫

হজে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু, মোট প্রাণহানি ৯

|| নিজস্ব প্রতিবেদক ||

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। মঙ্গলবার (৫ মে) মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ অফিস এই তথ্য নিশ্চিত করেছে।

মারা যাওয়া দুই হজযাত্রী হলেন—ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. নাসির উদ্দিন বিশ্বাস এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল এলাকার বাসিন্দা মাহফুজা বেগম। হজ অফিসের তথ্যমতে, এ পর্যন্ত মৃত ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন।

এদিকে বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর প্রক্রিয়া পুরোদমে চলছে। মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৪৬ হাজার ৫১৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪২ হাজার ৪৪৩ জন। মোট ১১৮টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।

হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত বিশেষ চিকিৎসাকেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৩৬৪ জনকে স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১১ হাজার ৫৫টি সেবা প্রদান করা হয়েছে বলে হজ অফিস সূত্রে জানা গেছে। মক্কায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা প্রদান করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *