Saturday, August 15

সুবিপ্রবির উপাচার্যের সঙ্গে সুনামগঞ্জের দুই মাদ্রাসা প্রধানের সৌজন্য সাক্ষাৎ

|| নিজস্ব প্রতিবেদক ||

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য প্রথিতযশা শিক্ষাবিদ অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দুই বিশিষ্ট মাদরাসা প্রধান।

শনিবার (১৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা জানানো শিক্ষাবিদ দুজন হলেন—জগন্নাথপুরের হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ এবং সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ। অধ্যক্ষ ড. মোহাম্মদ মঈনুল ইসলাম পারভেজ উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইনের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের স্নেহধন্য প্রাক্তন শিক্ষার্থী এবং অধ্যক্ষ ড. সৈয়দ রেজওয়ান আহমদ একই বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা প্রিয় শিক্ষকের সাথে স্মৃতিরোমন্থনের পাশাপাশি সুবিপ্রবির শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষার প্রসার ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর (গ্রেড-১) ড. মো. জাকির হুসাইনকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে স্ব পদে যোগদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *