
|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||
খুলনায় অনুষ্ঠিত ‘সুন্দরবন সামিট-২০২৬’-এ সুন্দরবন রক্ষায় কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, সুন্দরবন শুধু একটি বন নয়, এটি দেশের মানুষের অস্তিত্ব ও পরিবেশগত নিরাপত্তার সঙ্গে গভীরভাবে জড়িত একটি প্রাকৃতিক সম্পদ।
শুক্রবার (২২ মে) সকালে নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত “সহনশীল সুন্দরবন: যুবসমাজ, জলবায়ু ও উপকূলীয় ভবিষ্যৎ” শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ গবেষণা কেন্দ্র, মিশন গ্রিন বাংলাদেশ এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থা যৌথভাবে এ আয়োজন করে।
বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, সুন্দরবন দেশের জন্য এক ধরনের ‘অক্সিজেন ব্যাংক’। এই বন ও এর জীববৈচিত্র্য রক্ষায় এখনই সমন্বিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি সুন্দরবন সংরক্ষণে পৃথক বোর্ড গঠন, বনাঞ্চলের ভেতর নৌযান চলাচল নিয়ন্ত্রণ, বননির্ভর অবৈধ বাণিজ্য বন্ধ এবং স্থানীয় মানুষের বিকল্প কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বন সংরক্ষণ আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিও জানান তিনি।
সংলাপে বক্তারা জানান, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা দিয়ে আসছে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস মোকাবিলার পাশাপাশি এই বন লাখো মানুষের জীবিকা ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধি এবং মানুষ-বন্যপ্রাণীর সংঘাতের কারণে বনটি নানা ঝুঁকির মুখে পড়ছে।
আলোচনায় বলা হয়, ‘নবপল্লব’ ও ‘এনগেজ ফর সুন্দরবন’ প্রকল্পের আওতায় পরিচালিত গবেষণা ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জলবায়ু সহনশীল জীবিকা, নবায়নযোগ্য জ্বালানি এবং স্থানীয় পর্যায়ের অভিযোজন সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুন নিশাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হুরে জান্নাত, ড. মোঃ মনজুরুল কিবরিয়া, শরীফ জামিলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে যুব জলবায়ু কর্মী, গবেষক, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবীসহ প্রায় আড়াই শতাধিক প্রতিনিধি অংশ নেন।
