বুধবার, এপ্রিল ২২

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ নারী দল

|| স্পোর্টস ডেস্ক ||

শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক প্রথম জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার সিরিজ জয়ের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বুধবার (২২ এপ্রিল) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এর আগে সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিকেরা।

রাজশাহীর এই ভেন্যুতে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে গত রবিবার লঙ্কানদের বিপক্ষে পঞ্চম প্রচেষ্টায় প্রথম ওয়ানডে জয়ের স্বাদ পায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২০০-এর বেশি রান তাড়ায় নেমে একপর্যায়ে দাপুটে জয়ের পথে থাকলেও শেষ দিকে মাত্র ১১ বলের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে কিছুটা নাটকীয় চাপের মুখে পড়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন জ্যোতিরা।

অন্যদিকে, প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসা শ্রীলঙ্কা নারী দলের শুরুটা মোটেও সুখকর হয়নি। আজকের ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্বাগতিক একাদশে রয়েছেন জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন সুলতানা, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক) ও মারুফা আক্তারদের মতো নির্ভরযোগ্য ক্রিকেটাররা। জয় অব্যাহত রেখে ঘরের মাঠে ইতিহাস গড়তে মরিয়া টাইগ্রেসরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *