Sunday, September 27

সাশ্রয়ী আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

|| অর্থ ও বাণিজ্য ডেস্ক ||

বাংলাদেশের নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন ঋণের সুযোগ বাড়াতে ১০ কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বিশেষ করে নারী ও ব্যাংকিং সেবার বাইরে থাকা পরিবারগুলোকে লক্ষ্য রেখে এই ঋণপ্রকল্প গ্রহণ করা হয়েছে।

অনুমোদিত ঋণের মধ্যে ৪ কোটি ডলার প্রদান করা হবে এডিবির জলবায়ু অভিযোজন তহবিল থেকে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে কারিগরি সহায়তা হিসেবে আরও ৬ লাখ ডলার অনুদান দিচ্ছে সংস্থাটি। এই অর্থ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এর সহযোগী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘমেয়াদি ও জামানতবিহীন ঋণ হিসেবে বিতরণ করা হবে। তা দিয়ে সুবিধাভোগী পরিবারগুলো নতুন ঘর তৈরি বা পুরোনো বাড়ি মেরামত করতে পারবেন।

এডিবির বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং জানান, নিরাপদ ও জলবায়ু সহনশীল আবাসন দারিদ্র্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। এই প্রকল্পের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে প্রায় ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং ২৪ হাজার পরিবার প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিপূর্ণ এলাকার অধিবাসী।

প্রকল্পটির আওতায় ঘরবাড়ির নকশা ও নির্মাণপ্রক্রিয়াকে বন্যা, ঘূর্ণিঝড় ও তীব্র তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ সহ্য করার উপযোগী করে গড়ে তোলা হবে। একই সঙ্গে পিকেএসএফ ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর তথ্য ব্যবস্থাপনা, ঝুঁকি মূল্যায়ন ও ডিজিটাল মনিটরিং সক্ষমতা বৃদ্ধি করা হবে, যা ভবিষ্যতে দেশে আবাসন অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াতে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *