
|| নিজস্ব প্রতিবেদক ||
গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, সারাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ, থানার অস্ত্রশস্ত্র লুট ও পুড়িয়ে দেওয়ার ঘটনায় সরকারের নীরবতা এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে চলমান সংকটসহ দেশের সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ঐক্য আন্দোলন। গতকাল রবিবার (২২ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল জনাব মোস্তফা তারেকুল হাসান এই উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে শীর্ষ নেতারা বলেন, গোপালগঞ্জে সহিংসতা ও জ্বালাও-পোড়াওয়ের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটছে, যা জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে। একই সঙ্গে থানার অস্ত্রশস্ত্র লুট ও পুড়িয়ে দেওয়ার মতো ভয়াবহ ঘটনায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা কিসের আলামত বহন করে—এমন প্রশ্ন তুলে তাঁরা বলেন, এসব সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড দমনে সরকারের রহস্যজনক নীরবতা ও নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিচ্ছে।
ইসলামী ঐক্য আন্দোলনের নেতারা আরও বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি গার্মেন্টস শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য পাওনা ও যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করে আসছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও বকেয়া বেতন-ভাতা পরিশোধে কার্যকর পদক্ষেপ না নিয়ে তাঁদের দাবি উপেক্ষা করা কোনোভাবেই কাম্য নয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের সংকট নিরসনে সরকারকে অবিলম্বে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে অগ্নিসংযোগ, লুটপাট ও সহিংসতায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।
