
|| আন্তর্জাতিক ডেস্ক ||
ইরানের দেওয়া সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শাস্তিমূলক পদক্ষেপ’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বির বরাতে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির মুখপাত্র দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং সেই বিজয়কে তারা এখন স্থায়ী কৌশলগত প্রতিরোধক্ষমতায় রূপান্তর করছে। তিনি ইঙ্গিত দেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ রাখাকেই তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রধান প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
হোসেইন মোহেব্বি বলেন, বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েও হরমুজ প্রণালি কয়েক ঘণ্টার জন্যও খোলা রাখতে পারেনি। ফলে অবাধ নৌ চলাচল নিশ্চিত করার ঘোষিত লক্ষ্য অর্জনে ওয়াশিংটন পুরোপুরি ব্যর্থ হয়েছে।
উল্লেখ্য, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের সংযোগস্থল এই নৌপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ জ্বালানি পরিবাহিত হয়। এটি বন্ধ থাকায় বৈশ্বিক তেলের বাজার ও সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানো এবং অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারসহ তাদের সাতটি শর্ত পূরণ করলে তবেই এই নৌপথ পুনরায় খোলার বিষয়ে আলোচনা হতে পারে। অন্যথায় ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা না হওয়া পর্যন্ত এ ধরনের কৌশলগত চাপ অব্যাহত রাখা হবে।
সূত্র: ডন নিউজ
