
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দেশীয় ধারালো অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় মাদক সেবন ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার সাটুরিয়া থানাধীন কামতা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন—সাটুরিয়ার কামতা এলাকার মোঃ মোয়াজ (৩০), মানিকগঞ্জ সদরের চর হিজুলীর মোঃ শাওন (২২), পশ্চিম দাশড়ার মোবারক হোসেন (৩৫) এবং গড়পাড়ার নুর ইসলাম (৩৬)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামিদের কাছ থেকে ১০ পিস ইয়াবা, ২টি চাইনিজ কুড়াল, ২টি দেশীয় ধারালো চাকু, ১টি রামদা ও ১টি চাবুক জব্দ করা হয়।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক (এসআই) মোর্শেদ আলম বাদী হয়ে সাটুরিয়া থানায় পৃথক চারটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন। দাখিলকৃত আবেদনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
