বুধবার, জুন ১৭

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সাথে সাংঘর্ষিক: অধ্যাপক মুজিবুর

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঢোকার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সাথে সাংঘর্ষিক এবং তা শিরকের কাছাকাছি চলে যায় বলে মন্তব্য করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। গতকাল মঙ্গলবার (১৬ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই কথা বলেন।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধিতে সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে প্রবেশ করার যে বিষয়টি ছিল, তা সংশোধনীর মাধ্যমে বাদ দেওয়া হয়েছে। কারণ এটি ইসলামের ভাবধারার পরিপন্থী। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী শিরককে উৎখাত করার জন্য যে নিয়ম করা হয়েছে, তা সকলের মেনে চলা উচিত। এতে নেকি অর্জিত হবে এবং গুনাহ থেকে বাঁচা যাবে।

তার এই বক্তব্যের প্রতি তীব্র সমর্থন জানিয়ে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বক্তব্য রাখেন রংপুর-৬ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মো: নুরুল আমীন। তিনি অধ্যাপক মুজিবুর রহমানের উত্থাপিত বিষয়টিকে অত্যন্ত যুক্তিযুক্ত ও সঠিক বলে অভিহিত করেন।

সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ‘রুলস অব প্রসিডিউর’ এর বরাত দিয়ে বলেন, এটি মূলত যার যার ব্যক্তিগত বিষয়—কেউ সালাম দেবেন, কেউ অন্যভাবে করবেন এবং সারা পৃথিবীতেই এমন রেওয়াজ রয়েছে। তবে বিগত সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শনের এই নিয়মটি আসলেই বাতিল করা হয়েছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তীতে সংসদকে জানাবেন বলে আশ্বাস দেন স্পিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *