
|| আলোকিত দৈনিক ডেস্ক ||
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জন প্রার্থীর নাম চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার (২০ এপ্রিল) বিকেলে দলের পক্ষ থেকে এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রকাশিত এই তালিকায় একঝাঁক নতুন মুখ ও চমক থাকলেও বাদ পড়েছেন দলের বেশ কয়েকজন হেভিওয়েট ও আলোচনায় থাকা নেত্রী।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত এই তালিকা থেকে বাদ পড়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবি নাজনীন এবং ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নামও নেই এই তালিকায়। এমনকি প্রয়াত নেতা মওদুদ আহমদের সহধর্মিণী হাসনা জসীমউদ্দীন মওদুদও মনোনয়ন বঞ্চিত হয়েছেন।
বিএনপির মনোনয়ন পাওয়া ৩৬ জন হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা। ত্যাগী নেত্রীদের মূল্যায়ন ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় নিয়ে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
