Saturday, August 15

শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

‘মাদক সেবন করে যে—অকালে মরে সে, চল সবাই ঐক্য গড়ি, মাদককে বয়কট করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) উপজেলার রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রূপসা মাদক নির্মূল কমিটির আহবায়ক প্রফেসর আব্দুস সাত্তার ও সদস্য সচিব মজিবুর রহমানের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের এমপি এস এ জিন্নাহ কবীর।

উলাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির, উপজেলা কৃষকদলের সভাপতি ও উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, রুপসা মাদক নির্মূল কমিটির আহ্বায়ক প্রফেসর মো. আব্দুস সাত্তার, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম এবং সদস্য সচিব সায়েদুর রহমান।
এছাড়া, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ পাঁচ শতাধিক স্থানীয় সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এ জিন্নাহ কবীর বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে অথবা সামাজিকভাবে দায়িত্ব নিয়ে মাদক নির্মূল করতে হবে।”

তিনি আরও বলেন, “এই সমাজকে সুস্থ ও সুন্দর করতে মাদকসেবী, মাদক ক্রেতা ও বিক্রেতাদের চিহ্নিত করে কঠোরভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠিত সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *