
|| নিজস্ব প্রতিবেদক ||
বিশ্বমঞ্চে দেশ ও জাতির জন্য বিরল সম্মান বয়ে আনবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীরা বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জস্থ সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, “আধুনিক বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং এর ব্যবহার ছাড়া কোনো বিকল্প নেই। একদিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুনাম নিয়ে আসবে, যা পুরো বিশ্ব দেখবে। যেমন ইরান আজকে প্রযুক্তির ক্ষেত্রে উন্নতি সাধন করে তাক লাগিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। আমি বিশ্বাস করি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন এতো বড় হবে, ইরানের মত এভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
বিশ্ববিদ্যালয়টি শহরের কেন্দ্রস্থল থেকে দূরে অবস্থিত উল্লেখ করে শিক্ষার্থীদের যাতায়াত সহজীকরণে উপহার হিসেবে বাস প্রদান করায় উপাচার্য পূবালী ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, সামাজিক দায়বদ্ধতা এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের একাডেমিক অবকাঠামো বৃদ্ধিতে সহযোগিতার অংশ হিসেবে সুবিপ্রবির শিক্ষার্থীদের জন্য এ বাস প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এবং পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসানসহ অন্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
