Wednesday, September 9

শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নিয়ে সম্পত্তি হস্তান্তর আইন পুন:সংশোধন দাবি ইসলামী ঐক্য আন্দোলনের

|| নিজস্ব প্রতিবেদক ||

জাতীয় সংসদে পাস হওয়া ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ ইসলামী শরিয়াহ, কোরআন ও সুন্নাহর নির্ধারিত ফারায়েজ (উত্তরাধিকার) এবং হেবা নীতির পরিপন্থী আখ্যা দিয়ে তা বিজ্ঞ আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের পরামর্শে পুন:সংশোধনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।

আজ ৯ সেপ্টেম্বর (বুধবার) এক যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মাদ এরশাদ উল্যাহ ভূঁইয়া ও সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান এই আইন পাসের তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দান (হেবা) করার পরও দাতার জীবদ্দশায় সম্পত্তি ভোগদখল করার বিধান রেখে প্রণীত এই আইনটি কোরআন ও সুন্নাহর সুনির্দিষ্ট বিধানের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। সরকারের পক্ষ থেকে একে মানবিক ও সামাজিক নিরাপত্তার অংশ বলা হলেও, বাস্তবে এই আইনের মাধ্যমে পবিত্র কোরআন, সুন্নাহ ও ইসলামী শরিয়াহ নির্ধারিত ফারায়েজ ও হেবার মূলনীতি ক্ষুণ্ন করার সুযোগ তৈরি হয়েছে।

তারা আরও বলেন, এই আইনের মাধ্যমে ইসলামী উত্তরাধিকার আইনকে পাশ কাটিয়ে প্রকৃত ওয়ারিসদের বঞ্চিত করার পথ সুগম হবে, যা পারিবারিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এছাড়া আইনটিতে সুপ্রিমেসি ও সেভিংস ক্লজের মধ্যকার অস্পষ্টতা এবং পরস্পরবিরোধী বিধান প্রচলিত আইনি কাঠামোর মধ্যেও বিভ্রান্তি তৈরি করবে।

এ আইনের বিকল্প হিসেবে নেতৃদ্বয় প্রস্তাব করেন, বৃদ্ধ বয়সে পিতামাতার নিরাপত্তা নিশ্চিত করতে কোরআন ও হাদিসের সুস্পষ্ট নির্দেশনার আলোকেই আইন প্রণয়ন করা উচিত। যেখানে বৃদ্ধ বয়সে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব পালনকে বাধ্যতামূলক করে শরিয়াহসম্মত আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দিতে হবে।

বিবৃতিতে শীর্ষ দুই নেতা অবিলম্বে পাস হওয়া সংশোধনী কার্যকর না করে তা স্থগিতের আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞ আলেম ও শরিয়াহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বোর্ড গঠন করে সর্বজনগ্রহণযোগ্য ও শরিয়াহসম্মত উপায়ে আইনটির পুন:সংশোধনের জোর দাবি জানান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *