Thursday, November 5

লিডিং ইউনিভার্সিটিতে দু’দিনব্যাপী পর্যটন মেলা শুরু

|| নিজস্ব প্রতিবেদক ||

সিলেটের পর্যটন শিল্পের প্রসার এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা বৃদ্ধির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটিতে ষষ্ঠবারের মতো দু’দিনব্যাপী ‘পর্যটন মেলা ২০২৬’ শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন মিলনায়তনে লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের উদ্যোগে ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় এ মেলার শুভ উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেটের পর্যটন শিল্পের অপার সম্ভাবনা রয়েছে। এই খাতের উন্নয়নে বর্তমান সরকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী প্রচারণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে। সিলেট অঞ্চলের শিক্ষা ও চিকিৎসাসেবার প্রসারে দানবীর রাগীব আলীর অবদানের প্রশংসা করে তিনি বিশ্ববিদ্যালয়ে একটি তৃতীয় ভাষা শিক্ষা কোর্স চালুর পরামর্শ দেন। সেই সঙ্গে চলতি বছরের মধ্যেই কামালবাজার থেকে সিলেট শহর পর্যন্ত যাতায়াতের রাস্তার উন্নয়ন কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। প্রকৃতির লীলাভূমি সিলেটে বিশ্ব পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগ গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের আয়োজন পর্যটকদের মধ্যে ভ্রমণের নতুন উদ্দীপনা তৈরি করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আব্দুল হামিদ অনুষ্ঠানে কি-নোট স্পিকার হিসেবে টেকসই পর্যটন বিষয়ে বক্তব্য রাখেন।

উদ্বোধনী পর্বে ‘TRAVEL JAZZ Volume-4’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. সাজেদুল ইসলাম সরকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ কবির আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সুজুকি বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের মেলায় ২০টিরও অধিক পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, বেকারি ও বারারিস্তা ট্রেইনিং সেন্টার অংশ নিয়েছে। সুজুকি বাংলাদেশের সিএও মোশাররফ খান কালামসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ আয়োজন পরিচালনা করেন সহকারী অধ্যাপক জোহরা জামিন জোহা। দু’দিনব্যাপী এই মেলা আজ ৫ই অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *