
|| নিজস্ব প্রতিবেদক ||
সিলেটের লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্স ফাইনালের রিসার্চ প্রজেক্ট রিপোর্ট সাবমিশন ও ফাইনাল ভাইভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে এই ভাইভা অনুষ্ঠিত হয়।

উক্ত ভাইভা বোর্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ জিয়াউর রহমানের সভাপতিত্বে বোর্ডে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফজলে এলাহী মামুন, সহকারী অধ্যাপক ড. মো. তোতিউর রহমান এবং প্রভাষক মামুনুর রশীদ। এছাড়াও বিশেষজ্ঞ সদস্য হিসেবে ইসলামী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা জনাব আব্দুল হাফিজ উপস্থিত ছিলেন।
ভাইভায় শিক্ষার্থীরা ‘সুদভিত্তিক ক্ষুদ্রঋণের বিকল্প হিসেবে যাকাত ব্যবস্থাপনার ভূমিকা (বাংলাদেশ পরিপ্রেক্ষিত)’ সহ ইসলামি অর্থনীতি ও ব্যাংকিংয়ের সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের প্রস্তুতকৃত রিসার্চ প্রজেক্ট উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন শিক্ষার্থীদের নতুন ও সময়োপযোগী বিষয়ে গবেষণায় মনোনিবেশ করার আহ্বান জানান। একই সাথে তিনি বাস্তব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে—এমন গবেষণাকর্ম সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, এই ধরনের গবেষণামূলক কার্যক্রম শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি এবং ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার সমসাময়িক সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে বিশেষ ভূমিকা রাখছে।
