রবিবার, এপ্রিল ১৯

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর ভয়াবহ হামলায় ৮ শিশু নিহত

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রীভপোর্ট শহরে এক ভয়াবহ বন্দুক হামলায় অন্তত আট শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোরে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন বলে স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কিন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, মূলত একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে রোববার সকাল ৬টার দিকে এই গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। নিহত শিশুদের বয়স এক বছর থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা গেছে।

শ্রীভপোর্ট পুলিশের প্রধান ওয়েইন স্মিথ এই ঘটনাকে অত্যন্ত জটিল এবং অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, হামলাটি কোনো নির্দিষ্ট এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং তিনটি আলাদা স্থানে এই সহিংসতার সূত্র পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে পার্শ্ববর্তী বোশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তি নিহত হন। পুলিশ প্রধান আরও নিশ্চিত করেছেন যে, গুলিবিদ্ধ শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর নিকটাত্মীয় ছিল।

বর্তমানে লুইজিয়ানা স্টেট পুলিশ ও গোয়েন্দা বিভাগ এই ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক পটভূমি ও মূল উদ্দেশ্য নিয়ে তদন্ত শুরু করেছে। অঙ্গরাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে কোনো পুলিশ সদস্য হতাহত হননি। ঘটনার বিষয়ে কারো কাছে কোনো ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা তদন্তকারীদের প্রদান করতে আহ্বান জানানো হয়েছে। এই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় শ্রীভপোর্টসহ পুরো লুইজিয়ানা অঙ্গরাজ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *