Sunday, November 1

আলিম পরীক্ষায় সিরাজগঞ্জ জেলায় সেরা গাবেরপাড়া ডিবি ফাযিল মাদ্রাসা

|| বিশেষ প্রতিনিধি, বেলকুচি (সিরাজগঞ্জ) ||

আলিম পরীক্ষা ২০২৬-এর প্রকাশিত ফলাফলে সিরাজগঞ্জ জেলা ও বেলকুচি উপজেলার মধ্যে অসাধারণ ও কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে ঐতিহ্যবাহী গাবেরপাড়া ধুকুরিয়াবেড়া (ডিবি) ফাযিল মাদ্রাসা। মাদ্রাসাটি থেকে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করার পাশাপাশি ৯৪.১২ শতাংশ পাসের হার নিয়ে জেলা ও উপজেলায় শীর্ষ স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, এ বছর গাবেরপাড়া ডিবি ফাযিল মাদ্রাসা থেকে মোট ১৭ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তাদের সবাই পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৬ জন শিক্ষার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন এবং মাত্র ১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ২ জন কৃতি শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন এবং সার্বিক এই ঈর্ষণীয় সাফল্যে মাদ্রাসাটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দের জোয়ার বইছে।

শিক্ষার্থীদের এই ধারাবাহিক ও গৌরবময় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে মাদ্রাসা কর্তৃপক্ষ উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রতিষ্ঠানের সুশৃঙ্খল পরিবেশ, শিক্ষকদের আন্তরিক পাঠদান এবং শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়ের ফলেই সিরাজগঞ্জ জেলার মধ্যে সেরা পাসের হার ও এই অনন্য সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *