
|| রফিকুল ইসলাম | নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি ||
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পল্লী বিদ্যুত অফিস থেকে ভুয়া বিল দেওয়ার অভিযোগ উঠেছে। একাধিক গ্রাহক অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বিদ্যুৎ মিটার বন্ধ বা ব্যবহার না থাকলেও বিলিং সহকারী মোছাঃ সুলতানা আক্তার নিয়মবহির্ভূতভাবে প্রতি মাসেই বিদ্যুৎ বিল তৈরি করে পাঠাচ্ছেন। এতে তারা আর্থিক ক্ষতির পাশাপাশি চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন।
ভুক্তভোগীরা জানান, গত ১ জুলাই তারা বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তাদের অভিযোগ, মিটারে কোনো ইউনিট খরচ না হলেও নিয়মিত বিল পরিশোধের জন্য চাপ দেওয়া হচ্ছে। স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে একাধিকবার অভিযোগ করেও এখন পর্যন্ত কোনো সন্তোষজনক সমাধান মেলেনি বলে জানান তারা।
গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাটি তদন্ত করে মিটার পরীক্ষা করুক, প্রকৃত অবস্থা যাচাই করে ভুলভাবে প্রেরিত বিল বাতিল করুক এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।
এ বিষয়ে নাগেশ্বরীর সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
