রবিবার, জুলাই ৫

দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রাকের অবদান গুরুত্বপূর্ণ: কেসিসি প্রশাসক

|| এস এম শাহরিয়ার | জেলা প্রতিনিধি (খুলনা) ||

উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে ব্রাক দেশের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের নারীদের স্বাবলম্বী করা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক অন্তর্ভুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাটির অবদান প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

রোববার (৫ জুলাই) বিকেলে ব্রাক ব্যাংকের স্যার ইকবাল রোড শাখায় ব্রাকের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ব্রাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ একজন দূরদর্শী উদ্যোক্তা ছিলেন। বিকাশ চালুর মাধ্যমে ব্রাক দেশের ব্যাংকিং সেবাকে সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিয়েছে। তিনি সংস্থাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বিদেশগামী দরিদ্র পরিবারের সন্তানদের জন্য সহজ শর্তে ঋণসুবিধা চালুর বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

অনুষ্ঠানে জানানো হয়, গত ২৫ বছরে ব্রাক নারীদের উচ্চশিক্ষা, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা ও প্রশিক্ষণ, সুপেয় পানি সরবরাহ, জলবায়ু সহিষ্ণু কৃষি, বৃক্ষরোপণ এবং দুর্যোগ মোকাবিলাসহ বিভিন্ন খাতে কাজ করে আসছে। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সংস্থাটি ২৫ বছর পূর্তি উপলক্ষে ২৫ হাজার বৃক্ষরোপণ করেছে। একই সময়ে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখেছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট রেমিট্যান্সের ৭ শতাংশ ব্রাক ব্যাংকের মাধ্যমে এসেছে বলে জানানো হয়।

অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের আঞ্চলিক প্রধান আল আমিন শেখ স্বাগত বক্তব্য দেন। সাউথ জোনের ক্লাস্টার ম্যানেজার এস এম আশরাফুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন। এতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কেসিসি প্রশাসক নগরীর মজিদ সরণি, আড়ংঘাটা থানার আজিজের মোড়, মিরের ঘাট, খালিশপুর থানার পেটকা বাজার, বৈকালী বাজার ও জংশন রোড এলাকার ড্রেনেজ, বর্জ্য অপসারণ এবং পানি নিষ্কাশন ব্যবস্থা পরিদর্শন করেন। এ সময় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *