রবিবার, এপ্রিল ১৯

মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

|| আন্তর্জাতিক ডেস্ক ||

যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তেহরানের এই নতুন শর্তের কথা জানানো হয়েছে। ইরান স্পষ্টভাবে উল্লেখ করেছে, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ কার্যকর থাকা অবস্থায় কোনো ধরনের দ্বিপাক্ষিক আলোচনায় বসার পরিকল্পনা বর্তমানে তাদের নেই।

গত সোমবার থেকে ইরানের ওপর কঠোর নৌ-অবরোধ কার্যকর করে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি বন্দরগুলোতে জাহাজ আসা-যাওয়ার ওপর এই নিষেধাজ্ঞা পূর্ণ শক্তিতে বহাল রয়েছে। এই অবরোধের ফলে ইরান প্রতিদিন প্রায় ৪০ কোটি বা ৪০০ মিলিয়ন ডলারের বিশাল রাজস্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমন পরিস্থিতিতে তেহরান অবরোধ বহাল রেখে আলোচনার টেবিলে বসতে অস্বীকৃতি জানাল।

এদিকে, ইরানের সঙ্গে দ্বিতীয় দফার এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল করা হয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জেডি ভ্যান্স শুধুমাত্র নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাচ্ছেন না। যদিও এই নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এর আগে ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন যে, তার প্রতিনিধিরা ইরানের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানের পথে রওনা হয়েছেন। তবে ইরানের এই অনড় অবস্থানের ফলে পাকিস্তান কেন্দ্রিক এই আলোচনা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *