Wednesday, August 19

মানিকগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||

দেশে নিরাপদ, সুশৃঙ্খল ও কার্যকর নৌপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৌযান শুমারি-২০২৬’। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) মানিকগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। র‌্যালিতে গণনাকারীরা নৌযান শুমারির লোগোসংবলিত ছাতা, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্র নিয়ে অংশ নেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা-র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন।

সভায় জানানো হয়, নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সহযোগিতায় আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী এ শুমারি পরিচালিত হবে। সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান ও ডাম্ব বার্জ শুমারির আওতায় আসবে। তবে সামরিক বাহিনীর নৌযান ও সাধারণ অযান্ত্রিক নৌকা এর বাইরে থাকবে।

মানিকগঞ্জ জেলাকে সাতটি জোনে ভাগ করে ১১৫টি গণনা এলাকার ১২২টি ঘাটে ৫১ জন গণনাকারীর মাধ্যমে প্রাথমিক তালিকাভুক্তিতে ২ হাজার ৩৮৩টি জাহাজ ও ১ হাজার ৫৩টি খানাসহ মোট ৩ হাজার ৪৩৬টি নৌযানের তথ্য সংগ্রহ করা হয়েছে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থী গণনাকারীদের মধ্য থেকে সেরা তিনজনকে পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *