
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ জেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকালে শহরের গঙ্গাধর পট্টি এলাকার জেমস-আমেনা টাওয়ার ভবনে এই বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান, বিশিষ্ট সমাজসেবক শামীম চৌধুরী এবং সরকার মাসুদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পেইনের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে সিভিল সার্জন জানান, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অন্ধত্ব দূরীকরণে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যাম্পেইন চলাকালীন স্বাস্থ্যবিধি মেনে শিশুদের বয়স অনুযায়ী দুটি ভিন্ন রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।অভিবাবকরা বাচ্চাদের নিয়ে এসে ভিটামিন খাওয়াবেন।
