
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জে অবৈধভাবে তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২২ এপ্রিল) দুপুরে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, মানিকগঞ্জ পৌরসভার হিজুলি বাজারে আরিফ নামের এক ব্যবসায়ী অবৈধভাবে তেল মজুদ করার অপরাধে ২০ হাজার টাকা এবং সদর উপজেলার রাজিবপুর বাজারে মিলন এন্টারপ্রাইজের প্রোপাইটর মিলন অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল। এ সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মানিকগঞ্জ শাখার জেলা সভাপতি সামসুন্নবী তুলিপসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
