
|| সেলিম মোল্লা | নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ) ||
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাগীর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে জাগীর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগীর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহিনুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মাওলানা মো. নুরুল ইসলাম। তিনি বলেন, রমজান মাস মানুষের মধ্যে তাকওয়া ও আত্মশুদ্ধি গড়ে তোলে। সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যদি তাকওয়ার চর্চা প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক এবং অ্যাডভোকেট সালাহউদ্দিন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মসংযম, সহমর্মিতা ও নৈতিকতার শিক্ষা দেয়। এ সময় তারা ইসলামের আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
