
|| রাসেল মিয়া | তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি ||
মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে বাঁচাতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়েছেন। শুক্রবার (২৬ জুন) স্থানীয় মুরব্বি, যুবক ও সচেতন নাগরিকদের উপস্থিতিতে এক প্রতিবাদী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

আলোচনা সভায় এলাকার প্রতিটি ঘরে ঘরে সচেতনতা তৈরি করার মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়। এছাড়া খেলাধুলা ও ধর্মীয় শিক্ষার প্রসার ঘটিয়ে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং মাদক ব্যবসায়ীদের নাম-ঠিকানা প্রশাসনের কাছে তুলে দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন এলাকাবাসী।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই ৪ নং ওয়ার্ডকে যেকোনো মূল্যে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শান্তির এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে হাত তুলে মাদকের বিরুদ্ধে আজীবন লড়াই চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন। উক্ত সভায় এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
